প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 7, 2026 ইং
সিলেটের প্রাচীনতম সংবাদপত্র দৈনিক জৈন্তা বার্তার ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলার প্রাচীনতম সংবাদপত্র দৈনিক জৈন্তা বার্তা পত্রিকার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) দৈনিক জৈন্তা বার্তা পত্রিকার দক্ষিণ সুরমা কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠন, সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার বিশিষ্টজন ইফতার মাহফিলে অংশ নেন। এসময় নানা শ্রেণি-পেশার মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।
এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দ বলেন, দৈনিক জৈন্তা বার্তা একটি প্রাচীন পত্রিকা যা দীর্ঘকাল ধরে সিলেটের গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে আসছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি পাঠকদের হৃদয়ে শক্ত অবস্থান তৈরি করেছে। বক্তারা আশা প্রকাশ করেন, আগামী দিনেও পত্রিকাটি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকে এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে সিলেটের উন্নয়ন ও অগ্রগতিতে অগ্রণী ভূমিকা পালন করবে।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে পত্রিকার উত্তরোত্তর সাফল্য এবং সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য কামনা করা হয়।
দৈনিক জৈন্তা বার্তা কর্তৃপক্ষের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক ও প্রকাশকসহ সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের পর অতিথিরা একে অপরের সাথে কুশলাদি বিনিময় করেন এবং পত্রিকাটির সমৃদ্ধি কামনা করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক উত্তর সিলেট ২০২৬